কৃষিখাতের কোম্পানি, পণ্য ও সেবার তথ্য নিয়ে প্রকাশিত বার্ষিক ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’র তৃতীয় সংস্করণ আগামী ১৮ মার্চ ২০২৭ প্রকাশিত হতে যাচ্ছে। World Poultry Science Association of Bangladesh Branch (WPSA-BB) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৭-এর প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে ডাইরেক্টরীটির মোড়ক উন্মোচন করা হবে।
কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পেশাজীবী ও অন্যান্য অংশীজনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’ ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। ২০২৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত এই ডাইরেক্টরীতে কৃষিখাতের বিভিন্ন কোম্পানি, তাদের পণ্য, সেবা ও কর্পোরেট কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।
তৃতীয় সংস্করণ প্রকাশের লক্ষ্যে দেশের কৃষিখাতের সকল কোম্পানি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সঠিক ও পূর্ণাঙ্গ কর্পোরেট তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের হালনাগাদ তথ্য প্রদান করে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ডাইরেক্টরীতে কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি এবং পণ্যের বিজ্ঞাপন প্রকাশের সুযোগ থাকছে। সংশ্লিষ্টদের মতে, কৃষিখাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পণ্যকে একই প্ল্যাটফর্মে তুলে ধরার মাধ্যমে ডাইরেক্টরীটি ব্যবসায়িক যোগাযোগ, তথ্য বিনিময় এবং ব্র্যান্ড প্রচারে কার্যকর ভূমিকা রাখবে।
প্রকাশনা সংশ্লিষ্টরা জানান, কৃষিখাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য কর্পোরেট তথ্যের প্রয়োজনীয়তাও বাড়ছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, পণ্য ও সেবার তথ্য একটি সমন্বিত প্ল্যাটফর্মে সংরক্ষণ ও উপস্থাপন করা হবে। দেশের কৃষিখাতের প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সহযোগিতায় তৃতীয় সংস্করণটি আরও সমৃদ্ধ ও তথ্যবহুল হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।


