সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনের ছাদের ঢালাই খসে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও পরিদর্শন প্রতিবেদন প্রকাশের দাবিতে অনড় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্যের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে সভা থেকে ওয়াকআউট করেছেন তাঁরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৮ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনের ১০৯ নম্বর কক্ষে ছাদের ঢালাই খসে পড়ে। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬২তম ব্যাচের এক শিক্ষার্থী আহত হন। এর আগে গত বছর ভূমিকম্পের পর ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলে শিক্ষার্থীরা ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীদের মাধ্যমে ভবনটি পরিদর্শনের কথা জানিয়ে ক্লাস পরিচালনায় ঝুঁকি নেই বলে আশ্বস্ত করা হয়েছিল।
তবে সাম্প্রতিক দুর্ঘটনার পর ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। শিক্ষার্থীরা দুর্ঘটনা-পরবর্তী পরিদর্শন প্রতিবেদন ও ভবনের প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দাবি করেন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশের আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে তা দিতে পারেনি। পরবর্তী সময়ে প্রতিবেদন প্রকাশের জন্য আরও সময় চাওয়া হয়।
দীর্ঘ অপেক্ষার পর গতকালের আলোচনা সভায় উপাচার্য একটি উপস্থাপনার মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরেন। এ সময় গত বছরের ভূমিকম্পের পর পরিচালিত একটি পরিদর্শন প্রতিবেদনের ছবি দেখানো হয় বলে জানান শিক্ষার্থীরা। তবে তাঁদের দাবি, দুর্ঘটনা-পরবর্তী পরিদর্শন প্রতিবেদন এবং ভবনের নিরাপত্তা নিয়ে তাঁদের সুনির্দিষ্ট প্রশ্নের সন্তোষজনক উত্তর সভায় পাওয়া যায়নি।
সভায় উপাচার্যের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, সভার একপর্যায়ে বিভাগের ৫৪তম ব্যাচের এক শিক্ষার্থীকে প্রশ্ন করা থেকে বিরত রাখতে গিয়ে উপাচার্য তাঁকে ‘culprit’ (দোষী) বলে সম্বোধন করেন। এ ছাড়া বিভাগের জ্যেষ্ঠ ব্যাচের এক নারী শিক্ষার্থী দুর্ঘটনা-পরবর্তী পরিদর্শন প্রতিবেদন দেখতে চাইলে তাঁর সঙ্গে রূঢ় ও আক্রমণাত্মক আচরণ করা হয়। অন্যান্য শিক্ষার্থীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন তাঁরা।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে একপর্যায়ে সভা থেকে ওয়াকআউট করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা জানান, দুর্ঘটনার বিষয়ে যথাযথ ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে পূর্ণাঙ্গ পরিদর্শন প্রতিবেদন তাঁদের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে ভবনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে।
শিক্ষার্থীরা আরও ঘোষণা দিয়েছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দুর্ঘটনার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তাঁরা কোনো অনলাইন বা অফলাইন ক্লাসে অংশগ্রহণ করবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা।


