ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বেলাবোয় এ্যাবের উদ্যোগে ১ হাজার কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর বেলাব উপজেলায় এক হাজার কৃষকের মধ্যে বিনা মূল্যে উন্নত জাতের বোরো ধান, সরিষা ও আলুর বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। শনিবার উপজেলার পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নে উন্নত জাতের মানসম্মত বীজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের কাছে উন্নত বীজ সহজলভ্য করা গেলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি তাঁদের উৎপাদন খরচ ও ঝুঁকি কমানো সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. কামরুজ্জামান কায়সার বলেন, কৃষির উন্নয়নে ভালো বীজের কোনো বিকল্প নেই। কৃষি উৎপাদন বাড়াতে কৃষি গবেষক ও সম্প্রসারণবিদদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। গবেষণালব্ধ উন্নত জাতের বীজ দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান আলোচক শাহাদাত হোসেন বিপ্লব বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের জীবনমান ও জীবিকার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষকের কাছে উন্নত জাতের বীজ সরবরাহ নিশ্চিত করা গেলে তাঁরা অধিক উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাবের সাবেক সভাপতি কৃষিবিদ নুরুন্নবী ভূঁইয়া শ্যামল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, কৃষিবিদ মাহবুবুর রশিদ, নরসিংদীর উপপরিচালক কৃষিবিদ মতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পিএসও কৃষিবিদ ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, কৃষিবিদ আমানউল্লাহ আমান, নরসিংদী জেলা বিএনপির সদস্য মো. শাহজাহান এবং বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় আটটি ইউনিয়নের প্রায় এক হাজার কৃষকের মধ্যে জনপ্রতি ১০ কেজি উন্নত জাতের বোরো ধানের বীজ ও ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ করা বীজের মধ্যে রয়েছে বারি সরিষা-১৪, বিনা ধান-২৪, বিনা ধান-২৫, ব্রি ধান-১০৮ ও বারি আলু-২৫।

এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, দেশি-বিদেশি বিভিন্ন কৃষিবিষয়ক বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

আয়োজক নেতারা জানান, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ্যাবের উদ্যোগে এ ধরনের কৃষি সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।