ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ধারার কৃষিবিদ ও পেশাজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
জানা যায়, গত ৪ জুন ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর প্রধান ফটকের সামনে সংঘটিত একটি চাঁদাবাজির ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কৃষিবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ডা. শাহাদাত হোসেন পারভেজ অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) ঢাকা জেলা চ্যাপ্টারের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক এক নম্বর সহ-সভাপতি এবং বর্তমানে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ভ্যাবের পক্ষ থেকে বলা হয়, তাদের সাংগঠনিক সম্পাদকের ওপর সংঘটিত হামলার ঘটনায় সংগঠনের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য ও ভিডিও ফুটেজে উঠে আসা ঘটনাপ্রবাহ পেশাজীবী সমাজে অস্বস্তি ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, “আমরা যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং অসাংগঠনিক আচরণের তীব্র নিন্দা জানাই। মতপার্থক্য থাকতেই পারে, তবে তা কখনোই শারীরিক হামলা বা অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়।”
বিবৃতিতে আরও বলা হয়, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোরদার করা জরুরি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।
জাতীয়তাবাদী আদর্শের কৃষিবিদরা মনে করেন, পেশাজীবী অঙ্গনে ভিন্নমত দমনে সহিংসতার সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়। তারা শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।


