কৃষি, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মজীবন গড়ার সুযোগ ও প্রস্তুতি নিয়ে অনলাইন সেমিনার (ওয়েবিনার) আয়োজন করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারাল স্টুডেন্টস (আইএএএস) বাংলাদেশ, আইইউবিএটি স্থানীয় কমিটি।
গত ২৯ জুলাই রাতে অনুষ্ঠিত ‘কৃষিতে বৈশ্বিক কর্মজীবন: কৃষি, এনজিও ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সম্ভাবনা’ শীর্ষক এ ওয়েবিনারে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত ৮০ জন শিক্ষার্থী ও তরুণ অংশ নেন।
ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আবুল বাশার মিরাজ। উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি কৃষি, এনজিও ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মজীবন গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আন্তর্জাতিক পর্যায়ে চাকরির সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপায়, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সম্ভাবনা এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে প্রস্তুত করার কৌশল তুলে ধরেন।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি বক্তার সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের ক্যারিয়ার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণের সুযোগ পান।
আয়োজকদের ভাষ্য, কৃষি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্র সম্পর্কে সচেতন করে তোলা এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে নেতৃত্বের বিকাশ, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিসরে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েবিনার সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধান বক্তা কৃষিবিদ আবুল বাশার মিরাজ এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তরুণকে ধন্যবাদ জানিয়েছে আইএএএস বাংলাদেশ আইইউবিএটি। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংবাদ লাইভ/ক্যারিয়ার


