বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রধান সড়কে ভারী যানবাহন ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও নিয়ম অমান্য করে প্রতিনিয়ত এসব যানবাহন চলাচল করছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন দেবদারু রোড থেকে একটি ট্রাক আটক করেছেন শিক্ষার্থীরা। পরে ট্রাকটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করা হয়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে ভারী যানবাহন ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। বহিরাগত যানবাহনের জন্য ফসিলের মোড় হয়ে ফার্স্ট গেটে প্রবেশের নির্দিষ্ট রাস্তা রয়েছে। এরপরও প্রতিনিয়ত দেবদারু রোড ও শেষ মোড় হয়ে ফার্স্ট গেটের সড়কে এসব যানবাহন চলাচল করছে। বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, বহিরাগত যানবাহনের জন্য নির্ধারিত বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও এসব যানবাহন কীভাবে ফার্স্ট গেটের নিরাপত্তা চেকপোস্ট অতিক্রম করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছে? এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করা, যানবাহন চলাচলের বিদ্যমান নিয়ম যথাযথভাবে বাস্তবায়ন এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


