স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রার বাসটি ছেড়ে যায়।
দুই দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তাঁর নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল এতে অংশ নিচ্ছে। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত অধ্যাপক রাসকিন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়ক।
২৩ ও ২৪ অক্টোবর ঢাকা-বরিশাল-ঢাকা পথে চলবে এ সচেতনতামূলক কর্মসূচি। এর মাধ্যমে রাজধানীকেন্দ্রিক সচেতনতামূলক কার্যক্রম জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত ২১টি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় স্তন ক্যানসারের লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহজ বাংলায় লেখা তথ্যবহুল লিফলেট বিতরণ করা হবে।
কর্মসূচির সূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল-সংলগ্ন এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আরেকটি পথসভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি শেষে শোভাযাত্রার বাসটি ঢাকার উদ্দেশে রওনা হবে।
আয়োজকেরা জানান, স্তন ক্যানসার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা, রোগের লক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং রোগ শনাক্তকরণে সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে অক্টোবর মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
সংবাদ লাইভ/সারাদেশ


