বরিশাল বিশ্ববিদ্যালয়ে পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির সদস্যবৃন্দ, নবীন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের কৃতি সন্তান ডা. সুদীপ কুমার হালদার এবং তাঁর সহধর্মিণী ডা. স্নিগ্ধা চক্রবর্তী। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সম্মানিত উপদেষ্টা জ্যোতির্ময় বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখাই সমিতির মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা শেষে সবার অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পিরোজপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


