ads
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মা : আমার জীবনের সবচেয়ে সুন্দর আশ্রয়

তানহা তামান্না, বাকৃবি
মে ১৪, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মা শুধু একটি শব্দ নয়, মা এক গভীর অনুভূতি, নিঃস্বার্থ ভালোবাসা, মায়া আর মধুর সম্পর্কের আরেক নাম। একটি শিশু জন্মের পর বাবা, ভাই-বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের আপন করে নেয়, কিন্তু মায়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় জন্মেরও আগে। দীর্ঘ নয় মাস মায়ের গর্ভে, মায়ের শরীর থেকে পুষ্টি নিয়ে সন্তান ধীরে ধীরে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত হয়। এই সম্পর্ক যেন পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি।

স্বার্থপর এই পৃথিবীতে মা ও সন্তানের সম্পর্কই হয়তো একমাত্র সম্পর্ক, যেখানে কোনো স্বার্থ নেই, আছে শুধু নিখাদ ভালোবাসা। একটি মেয়ে যখন মা হয়, তখন তার পুরো পৃথিবীজুড়ে থাকে শুধু তার সন্তান। সন্তানের ভালো-মন্দ, হাসি-কান্না, সুখ-কষ্ট—সবকিছুই একজন মা সবচেয়ে গভীরভাবে অনুভব করেন।

আমার মায়ের নাম সেলিনা পারভীন। তিনি শুধু আমার মা নন, তিনি আমার অনুপ্রেরণা, আমার শক্তি, আমার পরিচয় এবং আমার সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই আমি আম্মুর অফুরন্ত ভালোবাসার ছায়ায় বড় হয়েছি। আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার অনুভূতি—এমনকি আমাকে আমার থেকেও ভালো চিনেন আমার মা।

আমি অসুস্থ হলে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন তিনিই। আমি আঘাত পেলে কষ্টটা যেন আমার চেয়েও বেশি অনুভব করেন তিনি। আমার আনন্দে তাঁর আনন্দের শেষ থাকে না, আর আমার দুঃখে আমাকে সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে সবচেয়ে বেশি কষ্ট পান তিনিই। আমার পুরো পৃথিবীটাই যেন আমার মাকে ঘিরে।

আমার প্রতিটি সঠিক সিদ্ধান্তে তিনি পাশে থাকেন, আবার ভুল করলে শাসন করতেও দ্বিধা করেন না। আমি বিপদে পড়লে তিনি ঢাল হয়ে দাঁড়ান। জীবনে যত সমস্যাই আসুক না কেন, মনে হয় আম্মু পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। শুধু তাঁর সঙ্গে কয়েক মুহূর্ত কথা বললেই মনটা শান্ত হয়ে যায়, যেন তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি।

নিষ্ঠুর পৃথিবীর ভিড়ে যখন চারপাশ অন্ধকার হয়ে আসে, তখন মায়ের হাসিভরা মুখটাই যেন আমার জীবনে আলো ছড়িয়ে দেয়। জীবনের কঠিন মুহূর্তে যখন আমি ভেঙে পড়ি, তখন মায়ের কথাগুলোই আমাকে নতুন করে সাহস জোগায়। মনে হয়, আমাকে উঠে দাঁড়াতেই হবে, কারণ আমার জন্য একজন মানুষ নিরন্তর প্রার্থনা করে যাচ্ছেন।

সারা দিনের ক্লান্তি শেষে যখন বাসায় ফিরি, তখন মায়ের কোলে মাথা রাখলেই যেন সব কষ্ট দূর হয়ে যায়। তাঁর স্নেহমাখা স্পর্শে খুঁজে পাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।

আমার মা আমার জীবনের প্রতিদিনের ডায়েরি—যেখানে প্রতিদিন নতুন নতুন গল্প জমা হয়, নতুন অনুভূতির জন্ম হয়। পৃথিবীতে অনেক সম্পর্ক আসে যায়, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। তাই আমার কাছে “মা” শুধু একটি শব্দ নয়, মা আমার পুরো পৃথিবী।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।