বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অন্যতম ঐতিহ্যবাহী ছাত্রাবাস শহীদ নাজমুল আহসান হলের তিন জন কর্মচারী দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। তাঁদের অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ হল প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
হলের প্রভোস্ট কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাউজ টিউটর জেনারেল ড. মো. ইকরামুল ইসলাম, হাউজ টিউটর মো. বায়েজিদ হোসেন, ডা মো সবুজ রহমান, হলের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।
বিদায় অনুষ্ঠানে প্রভোস্ট ড. কাজী কামরুল ইসলাম বলেন, একটি হল সুশৃঙ্খলভাবে পরিচালনার পেছনে কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য। বিদায়ী কর্মচারীরা তাদের দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের সেবা দিয়ে গেছেন। তাদের এই অবদান হল প্রশাসন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমরা তাদের অবসর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
বিদায়ী কর্মচারীরা তাদের বক্তব্যে আবেগাল্পুত হয়ে পড়েন। তারা জানান, শহীদ নাজমুল আহসান হল তাদের কাছে একটি পরিবারের মতো ছিল। দীর্ঘ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের এই আঙিনায় কাজ করতে পেরে তারা গর্বিত। বিদায়বেলায় হল প্রশাসনের এই সম্মাননা তাদের জন্য এক পরম পাওয়া।


