তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো লিও ক্লাব অব জে কে কে এন আই ইউ। লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই সংগঠনটি কমিউনিটি সার্ভিস, ব্যক্তিগত উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। ময়মনসিংহ জেলা, ৩১৫এ৩ জোনের অন্তর্ভুক্ত এই ক্লাবটি লায়ন্স ক্লাবের একটি উইংস হিসেবে কাজ করবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। লায়ন মো. বেল্লাল হোসেন, ডিস্ট্রিক্ট গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশ, নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় ক্লাবের উপদেষ্টা লায়ন রিয়াদ মাহবুব এমজেএফ উপস্থিত ছিলেন, যিনি লিও ক্লাব, ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশ-এর চেয়ারপার্সন, স্ট্যান্ডিং কমিটি এবং লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাকালীন সভাপতি সৌমিক জাহান, সাধারণ সম্পাদক অনন্যা রহমান সৃষ্টি, এবং ট্রেজারার মশিউর রহমান। এছাড়া, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাইজুন্নাহার প্রত্যাশা ও প্রেমাশীষ বসু।
লিও ক্লাব অব জেকে কে এন আই ইউ ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশু, প্রবীণ ও দুর্যোগকবলিত মানুষের সহায়তায় কাজ করবে। ক্লাবের সদস্যরা খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় এই ক্লাব নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশাবাদী।


