ads
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নাড়ির টানে আপন ঠিকানায় ফেরা নিটারিয়ানদের

নিটার প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঈদ মানেই প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার আনন্দ, নাড়ীর টানে আপন ঠিকানায় ফেরা। ব্যস্ত একাডেমিক জীবন, ক্লাস, ল্যাব ও অ্যাসাইনমেন্টের চাপের মাঝে ঈদের ছুটি যেন নিটারিয়ানদের জন্য এক টুকরো স্বস্তি। সাভারের ক্যাম্পাস ছেড়ে যে যার মতো ছুটে চলেছেন নিজের ঘরে—কেউ গ্রামের পথে, কেউ শহরের ব্যস্ততায় পরিবারকে ঘিরেই কাটাচ্ছেন ছুটির দিনগুলো। এই ঈদের ছুটিতে নিটারের শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুভূতির গল্পে উঠে এসেছে পরিবার, দায়িত্ব, স্মৃতি আর জীবনের ছোট ছোট বাস্তবতার কথা।

সাজিদ মাশরাফি ফুয়াদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (প্রথম বর্ষ), নিটার || কাগজে-কলমে ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ১৫ মার্চ থেকে। তবে ক্লাস ও অতিরিক্ত ক্লাস শেষ করে অনেক শিক্ষার্থীর মতো আমারও ছুটি শুরু হয়ে যায় ৫ মার্চ থেকেই। পরিকল্পনা ছিল কিছুদিন ক্যাম্পাসে থেকে অসমাপ্ত ল্যাব রিপোর্ট ও অ্যাসাইনমেন্ট শেষ করার। কিন্তু হঠাৎ মায়ের অসুস্থতার খবর সব পরিকল্পনা বদলে দেয়। সেদিন রাতেই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছে মাকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ঈদের প্রস্তুতি বা আলাদা আনন্দের অনুভূতির চেয়ে এখন মনে একটাই দোয়া—মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই প্রথম বুঝলাম, পরিবারের দায়িত্ব কখনো কখনো উৎসবের আনন্দকেও ছাপিয়ে যায়।

সাদমান সাকিব সাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (প্রথম বর্ষ), নিটার || ঈদের ছুটি পেলেও এবার গ্রামে যাওয়ার পরিকল্পনা নেই। বাবার চাকরির কারণে বছরে খুব কমই ছুটি মেলে, তাই পরিবারের সঙ্গে সময় কাটাতেই ঢাকায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই ছুটিতে পরিবারের সঙ্গে ইফতার করা, পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা, একসঙ্গে তারাবি পড়া—এসবের মাঝেই আলাদা আনন্দ খুঁজে পাচ্ছি। সম্প্রতি পরিবারের সবাইকে নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় ঘুরতে গিয়েছিলাম। ছোট বোনের জন্য কয়েকটি বইও কিনেছি। পাশাপাশি স্কুল জীবনের বড় ভাইদের আয়োজিত ইফতার মাহফিলেও অংশ নিয়েছি। সব মিলিয়ে গ্রামে না গেলেও পরিবারের সঙ্গে সময় কাটানোর এই সুযোগটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।

ফাতেমা আনসারী, ইইই (প্রথম বর্ষ), নিটার || ঈদের ছুটি নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত ৫ মার্চেই ক্লাস শেষ হয়ে যায়। হল থেকে সবাই একসাথে বাসায় ফেরার প্রস্তুতিটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। আগের রাতটা আমরা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সেহরি পর্যন্ত কাটিয়েছি। এরপর সবাই মিলে যার যার বাসার উদ্দেশ্যে রওনা হই। আমার বাসা গাজীপুরে হওয়ায় প্রায়ই বাড়ি যাওয়া হয়, তবুও ঈদের ছুটিতে একসাথে বাসায় ফেরা অন্যরকম আনন্দ দেয়। পরিবারের সদস্যদের মধ্যে আমার বাড়ি ফেরাকে ঘিরে যে উচ্ছ্বাস থাকে, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ঈদের কেনাকাটা আর পরিবারের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে ছুটিটা আনন্দেই কাটছে।

মুত্তাছিন ফুয়াদ নিলয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (প্রথম বর্ষ), নিটার || প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি ছিল। তবে এবারের ঈদটা একটু ভিন্ন অনুভূতির। আমাদের পরিবারের দীর্ঘদিনের স্বপ্নের নতুন বাড়ি তৈরি হয়েছে ঢাকার এয়ারপোর্ট এলাকার কাছে। তাই এই ঈদে গ্রামের বাড়িতে না গিয়ে নতুন বাড়িটিকেই সাজিয়ে তুলতে ব্যস্ত সময় কাটছে। নতুন ঘরে পরিবারের সঙ্গে প্রথম ইফতার, তারাবি নামাজ ও ঘর গুছানোর ব্যস্ততার মাঝেই তৈরি হচ্ছে নতুন স্মৃতি। ধামরাইয়ের গ্রামের টান কিছুটা মিস করলেও নিজের নতুন ঠিকানায় পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ আলাদা। নতুন ঘর যেন আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা।

আলী হোসেন রাফসান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (প্রথম বর্ষ), নিটার || ৫ মার্চ ২০২৬ ইফতারের পর ঈদের ছুটির ঘোষণা আসতেই ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে ঘরে ফেরার আনন্দ। আমরা ছয় রুমমেটের মধ্যে একজন একজন করে বাড়ির পথে রওনা দিলে প্রিয় রুমটিও ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। শেষ পর্যন্ত আমিও আর একা থাকতে পারলাম না; প্রয়োজনীয় কাজ গুছিয়ে এক বন্ধুর সঙ্গেই রওনা দিলাম। পথে টঙ্গীতে কিছু সময় কাটিয়ে কেনাকাটা শেষে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করি এবং বসন্তের সজীব প্রকৃতির মাঝ দিয়ে অবশেষে কুড়িগ্রামে নিজের বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে সেহরি-ইফতার, বন্ধুদের আড্ডা ও জামাতে তারাবির নামাজে এক আনন্দমুখর পরিবেশে দিন কাটতে থাকে। কিন্তু সেই আনন্দের মাঝেই ১৩ মার্চ আমাদের এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে, যাতে প্রায় ৬০ শতাংশ ফসল নষ্ট হয়ে কৃষকদের বড় ক্ষতি হয় এবং এলাকায় দুর্ভোগ দেখা দেয়। তবুও সবাই মহান আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। ঈদ শুধু নতুন পোশাক বা ভোজের আনন্দ নয়; বরং ত্যাগ, সহমর্মিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রকৃত শিক্ষা দেয়—এই বিশ্বাস নিয়েই সবার কাছে দোয়া কামনা করছি।

ঈদের এই ছুটিতে নিটারিয়ানদের গল্পগুলো একেকটি ভিন্ন অভিজ্ঞতার কথা বলে। কোথাও আছে পরিবারের দায়িত্ব, কোথাও বন্ধুত্বের উষ্ণতা, আবার কোথাও নতুন স্বপ্নের শুরু। তবুও সব গল্পের শেষ কথা একটাই—ঈদ মানেই প্রিয়জনদের কাছে থাকা, ভাগ করে নেওয়া ভালোবাসা আর আনন্দ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।