রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শুক্রবার (২৪ এপ্রিল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান ও সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানা প্রাঙ্গণে সংবাদ সংগ্রহকালে ডুজার অন্তত ১০ জন সদস্যের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায়। প্রথমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়, ভিডিও ধারণে নিষেধ করা হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় সংগঠনটির নতুন কমিটির সভাপতি মানজুর হোসাইন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, ডেইলি অবজার্ভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈমুর রহমান ইমন, দেশ রূপান্তরের খালিদ হাসান, ঢাকা ট্রিবিউনের সামসুদ্দোজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, রাইজিংবিডির সৌরভ ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খানসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যম চর্চায় হস্তক্ষেপ এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ‘মব’ সৃষ্টি করে হামলা চালানো সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।


