ads
ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় জামায়াত কর্মী হত্যাকাণ্ডের ১১ বছর পর ৪৩জনের বিরুদ্ধে মামলা দায়ের

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

১১ বছর পর বগুড়ায় জামায়াত কর্মী মিজানুর রহমান হত্যাকাণ্ডে ৪৩জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করা হয়৷ মামলার বাদী নিহত মিজানুরের বন্ধু মোছাদ্দিকুর রহমান। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০জনকে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন। 

নিহত মিজানুর রহমান কুমিল্লার তিতাস উপজেলার সরকারবাড়ী গ্রামের আবু কালাম সরকারের ছেলে। তিনি বগুড়ায় মুরগির হ্যাচারিতে কাজ করতেন এবং পৌরসভার সাবগ্রাম মাস্টারপাড়ায় থাকতেন। এছাড়াও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল, বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফী হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসসহ আরও অনেকে।
এজাহারে উল্লেখ করা হয়, ‘২০১৩ সালের ৩১ জানুয়ারি আনুমানিক বেলা পৌনে একটার দিকে বগুড়া শহরের সাবগ্রাম কমান্ড প্লাজার সামনে দাঁড়িয়ে ছিলেন মিজানুর রহমান। এ সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মিজানুরকে ঘিরে ধরেন। ১ নম্বর আসামি আল রাজি জুয়েলের হুকুমে ৫ নম্বর আসামি সম্পদ পশারী হত্যার উদ্দেশ্যে বার্মিজ চাকু দিয়ে মিজানুরের পেটে আঘাত করেন। পরে ৬ নম্বর আসামি সঞ্জু সরকার হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। অন্য আসামিরা লাঠি ও রড দিয়ে আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা জয় বাংলা শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।’

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ২০১৩ সালে মিজানুর হত্যাকাণ্ডের সময় তাঁর বন্ধু মোছাদ্দিকুর রহমান সাথে ছিলেন। তাই মোছাদ্দিকুর রহমান বাদী হয়ে ৪৩জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।