গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সীরাত কুইজ প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করেছে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ফার্মেসি বিভাগের শ্রেণিকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, রাসূল (সা.)-এর জীবনী সম্পর্কে নিয়মিত জানা ও চর্চা করা আমাদের সবার জন্য জরুরি। আজকের কুইজ আয়োজন আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা নিতে আরও অনুপ্রাণিত করবে। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এ প্রসঙ্গে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ বলেন, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া যে আমরা এ আয়োজন সম্পন্ন করতে পেরেছি। রাসূল (সা.)-এর জীবন এমন এক অনন্য বিষয়, যার প্রতিটি দিক থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আমাদের দেশে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এ বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। তাই আমরা শিক্ষার্থীদের সামনে সুন্দরভাবে তা তুলে ধরতে কাজ করছি। এরই অংশ হিসেবে আজকের প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং ভবিষ্যতে ইসলাম সম্পর্কিত আরও সুন্দর আয়োজনের সাথে তাদের সম্পৃক্ত দেখতে চাই।
উল্লেখ্য, আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব প্রতি বছরই সামাজিক ও সাংস্কৃতিক নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। তাদের এ ধরনের কার্যক্রম ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


