স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ম্যান আর্মি-এর উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের চাদগাঁও এলাকায় অবস্থিত আল-আমিন চাইল্ড একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে তাদের বার্ষিক সামাজিক কার্যক্রম “উইন্টার ওয়ার্মথ ৫.০”।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে শিশুরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে, যা আয়োজনে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
পরে ওয়ান ম্যান আর্মি-এর স্বেচ্ছাসেবকরা শিশুদের সঙ্গে একসাথে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেন। ফুটবল ও ক্রিকেটসহ নানান গেমস খেলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিশুদের নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, যাতে তারা প্রতিদিন স্কুলে এসে খেলাধুলায় যুক্ত থাকতে পারে এবং সময়কে গঠনমূলক কাজে ব্যয় করে।
কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা তারা ভবিষ্যতে স্কুলে নিয়মিত ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে শিশুদের খেলাধুলামুখী রাখা, খারাপ কাজ থেকে দূরে রাখা এবং সুস্থ সামাজিক পরিবেশে বেড়ে ওঠার বার্তা দেওয়া হয়।
এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এফপিআর এভরিথিং মার্ট-এর সহযোগিতায় ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়, যা শিশুদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। পুরো আয়োজনটি শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
ওয়ান ম্যান আর্মি-এর পক্ষ থেকে জানানো হয়, উইন্টার ওয়ার্মথ ৫.০ কেবল একটি আয়োজন নয়, বরং এটি শিশুদের মানসিক আনন্দ, সামাজিক সম্পৃক্ততা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি প্রয়াস। সংগঠনটি বিশ্বাস করে, সচেতন সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
উল্লেখ্য, ওয়ান ম্যান আর্মি দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


