প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী তথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।
শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে। তিনি বলেন, এআই-এর অপব্যবহার নির্বাচনী প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলতে পারে। এটি এখন অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক।
ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে নাসির উদ্দিন বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ ভোটারদের আস্থা অর্জন ও তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে বলেও জানান তিনি।
আমরা স্বচ্ছ নির্বাচন চাই। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় সব কাজ হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে, যোগ করেন সিইসি।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া আমাদের লক্ষ্য। তা না পারলে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


