সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এখন নানান রঙের মৌসুমি ফুলের সমারোহ। পরিকল্পিতভাবে গড়ে তোলা ফুলের বাগানে ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক এলাকা, আবাসিক হল সংলগ্ন প্রাঙ্গণ এবং উন্মুক্ত স্থানগুলো পেয়েছে নতুন নান্দনিকতা। এতে ক্যাম্পাসের পরিবেশ হয়ে উঠেছে আরও সবুজ, আকর্ষণীয় ও প্রাণবন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত পহেলা জানুয়ারি থেকে ক্যাম্পাসব্যাপী ফুলের বাগান স্থাপনের কার্যক্রম শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এ উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা বলছেন, সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখছে।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গড়ে তোলা বাগানগুলোতে ফুটেছে গোলাপ, গাঁদা, জিনিয়া, কসমসসহ বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুল। উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে কর্মচারীরা নিয়মিত পরিচর্যা, সেচ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।
কৃষি অনুষদের শিক্ষার্থী মো. মোস্তাক আহমেদ রিফাত বলেন, “ক্যাম্পাসে ফুলের বাগান স্থাপনের ফলে পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সবুজের মাঝে রঙিন ফুল ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ছাত্র পরামর্শক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার বলেন, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জুলাই ৩৬ গেট থেকে টিএসসি পর্যন্ত, হল, অনুষদ গুলোর সামনে ফুলের বাগান লাগানো হয়েছে। ফুলের বাগান ক্যাম্পাসের নান্দনিকতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বস্তি, সৃজনশীলতা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আরো বলেন নবনির্মিত লেকের পাশেও এমন ফুলের বাগানের পরিকল্পনা রয়েছে। ”
সব মিলিয়ে ফুলে সজ্জিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন শিক্ষার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম উদাহরণ হয়ে উঠেছে।
সংবাদ লাইভ/শিক্ষাঙ্গন


