পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষাকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে প্রায় শতাধিক দুস্থ ও নিম্ন আয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতা-কর্মীরা।
আয়োজক সূত্রে জানা যায়, রমজানের প্রকৃত শিক্ষা হলো অভাবী মানুষের পাশে দাঁড়ানো। সেই চেতনা থেকেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাকৃবি ছাত্রদল। বিতরণকৃত ইফতারের তালিকায় ছিল খেজুর, বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার।
অনুষ্ঠানে ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। তিনি বলেন, ‘রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এই মাসে আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করা হয় না। শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়; মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা পালনও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।’


