ads
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সিকৃবিতে শিক্ষকদের দুই পক্ষের হাতাহাতি

সিকৃবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এ বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে উপাচার্যসহ অন্তত ৯ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই ক্যাম্পাসজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ, অধ্যাপক মোজাম্মেল হকসহ আরও কয়েকজন শিক্ষক।

ঘটনার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন,
“আজ আমার চেম্বারে যা ঘটেছে, তা একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। যারা প্রশাসনের পরিবর্তন মেনে নিতে পারছেন না, তারাই মূলত ‘মব’ তৈরি করে এই হামলা চালিয়েছে। তারা কেবল আমাকে অপদস্থই করেনি, আমার সামনেই সিনিয়র শিক্ষকদের গায়ে হাত তুলেছে এবং প্রক্টরকেও আক্রমণ করেছে। এমনকি পরিস্থিতি রেকর্ড করতে গেলে ‘পাপ্পু’ (এমদাদুল হক) নামের একজন আমার ফোনটি কেড়ে নেয়। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সব কিছু অনলাইনে ছড়িয়ে পড়া প্রমাণ করে যে তারা প্রস্তুতি নিয়েই এসেছিল। বর্তমান প্রশাসন নিষ্ঠার সাথে কাজ করছে বলেই একটি স্বার্থান্বেষী মহল আজ ক্ষিপ্ত। আমি গণমাধ্যমকে এই অরাজকতার সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানাচ্ছি।”

অন্যদিকে আহত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মাহবুব ইকবাল বলেন,
“উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয়ে প্রশ্ন ও প্রতিবাদ জানালে হঠাৎ করেই আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ।”

আহত আরেক শিক্ষক অধ্যাপক মোজাম্মেল হক অভিযোগ করে বলেন,
“উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠে আসছে। বিশ্ববিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়া, শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ—সব ক্ষেত্রেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব অনিয়মের বিষয়ে আমরা কথা বলতে গেলে তার অনুসারীরা আমাদের ওপর চড়াও হন এবং হট্টগোল সৃষ্টি করেন। এক পর্যায়ে প্রক্টর জসিম উদ্দিন আমার গায়ে লাথিও মারেন। এছাড়া কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই এবং নিয়ম বহির্ভূতভাবে আমাদের কয়েকজন শিক্ষককে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।”

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।