দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চলমান ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান।
বক্তব্যে ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানভীর কবির বলেন, একের পর এক এমন ঘটনা ঘটলেও কার্যকর বিচার ও প্রতিরোধমূলক উদ্যোগের অভাব স্পষ্ট। ফলে নারীদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বিক্ষোভে অংশ নেওয়া ১ম বর্ষের শিক্ষার্থী মৌসী বলেন, আমাদের পরিবেশ এখন মেয়েদের জন্য নিরাপদ নয়, ধর্ষকদের জন্য জনজীবন অতিষ্ট। এছাড়াও নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী-শিশু সুরক্ষায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। শুধু কঠোর শাস্তির বিধান করলেই হবে না, তা বাস্তবায়নের ক্ষেত্রেও দৃঢ়তা দেখাতে হবে।
সমাবেশে সর্বশেষ ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাদ বলেন, সামাজিক অবহেলা, বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে অনেক অপরাধ চাপা পড়ে যায়। এতে অপরাধীরা উৎসাহিত হয় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ২টা দাবী জানানো হয়,
প্রথমত, একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করতে হবে।
দ্বিতীয়ত, ৯০ দিনের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


