মোহাম্মদপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পিআই, ইন্সপেক্টর (তদন্ত) এবং মোহাম্মদপুর থানার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানটি মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান এবং ঢাকা উদ্যান এলাকায় পরিচালিত হয়। অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, পেশাদার ছিনতাইকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


