বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ভিন্নধর্মী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দিবসটিকে ঘিরে আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে তারা ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছে গরিব, দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের হাতে গোলাপ ফুল তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
পাশাপাশি তাদের জন্য একবেলার খাবারেরও ব্যবস্থা করা হয়। ভালোবাসা দিবসকে কেবল ব্যক্তিকেন্দ্রিক উদযাপনে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগাভাগি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ভালোবাসা শুধু দু’জন মানুষের মাঝে সীমাবদ্ধ নয়; ভালোবাসা হলো মানবতার জন্য, সমাজের জন্য, সেই মানুষগুলোর জন্য যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবন চালায়।
তিনি বলেন, আজ বিশ্ব ভালোবাসা দিবসে আমরা গরিব, দুস্থ ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসার শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেছি। তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, ভালোবাসা মানে কেবল যত্নের অনুভূতি নয়-ভালোবাসা মানে দায়িত্ব, সহমর্মিতা আর পাশে থাকার প্রতিশ্রুতি।


