বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং সংগঠনগত পারস্পরিক সহযোগিতায় বুটেক্স বিজনেস ক্লাব ও ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়া সমঝোতা স্মারক সই করেছে।
ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়া হলো এসরোটেক্স গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান যা বর্তমানে বাংলাদেশে এডুটেক প্ল্যাটফর্ম হিসেবে সুপরিচিত।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়ার প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক সই করেন সংশ্লিষ্টরা।
উক্ত অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়ার চিফ অপারেটিং অফিসার মো: এনামুল কবির এবং ব্যবস্থাপনা পরিচালক মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া, বুটেক্স বিজনেস ক্লাবের পক্ষ হতে ক্লাব সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আকাশ, কমিউনিকেশন ডিরেক্টর আবিদ হাসান শুভ্র এবং সাধারণ সদস্য তানভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়া আশা করছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর দরুন শিক্ষার্থীদের কাছে তাদের শিক্ষামূলক বিষয়বস্তুগুলো দ্রুততম সময়ে পৌঁছাবে। তাছাড়া তারা একটি উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন তরুণ পেশাদার প্রজন্ম তৈরি করতে আশাবাদী।
জানা যায়, এই সমঝোতা স্মারকে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক বিষয়গুলোর উপর দক্ষতা বৃদ্ধিতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, সেমিনার বা বিনামূল্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়া তাদের প্রথম সমঝোতা স্মারক বুটেক্স বিজনেস ক্লাবের সাথে স্বাক্ষর করে।


