‘বৈশাখী বৈভবে, রাঙা হোক ধরা’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শহিদ মিনার চত্বরে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমর্চারীদের সঙ্গে বাঙলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
মাননীয় উপাচার্যের নেতৃত্বে পহেলা বৈশাখ উপলক্ষ্যে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। বর্ষবরণ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। নানা রঙের ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।
এরপর অনুষ্ঠিত হয় বৈশাখ নিয়ে আলোচনা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ‘এসো হে বৈশাখ, এসো, এসো’ সহ বাঙলা নববর্ষের সংগীতসহ আবহমান বাঙলার গানের সঙ্গে নৃত্য, বাউল গান, পুঁথি পরিবেশন করা হয়। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের উদ্যোগে পৃথক স্টল স্থাপন করা হয়। কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগেও ছিলো স্টল। এসব স্টলে আবহমান বাঙলার বাহারি জাতের সুস্বাদু পিঠা, পায়েস, মৌসুমী ফলসহ পান্তা ভাত পরিবেশন করা হয়। ছিলো জিলাপী, সন্দেশ, কদমা, শরবত, বাতাসা, মুড়ি, খৈসহ বাঙালি খাবারের সমারোহ।
‘আকাশেতে লক্ষ তারা, বিয়ের বাজারে আমি-ই সেরা’ শীর্ষক রম্য বিতর্কের আয়োজন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বির্তকে চ্যাম্পিয়ন হোন সিএসই বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী নাদিয়া বেগম। এরপর ক্রীড়া ও শরীর চর্চা বিভাগ আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রীতি খেলায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এ পর্যায়ে মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার ও হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা। অনুষ্ঠানমালায় গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমর্চারীবৃন্দ অংশগ্রহণ করেন।


