বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আশিক-ই-রাব্বানী।
বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুককে আগামী ১৮ এপ্রিল থেকে কার্যকর সাপেক্ষে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. মোহাম্মাদ আশিক-ই-রাব্বানীকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ১৯ এপ্রিল থেকে কার্যকর সাপেক্ষে পরবর্তী ছয় মাসের জন্য বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী বিনা ভাড়ায় বাসস্থানের সুবিধাসহ মাসিক ৬ হাজার টাকা দায়িত্বভাতা প্রাপ্য হবেন।


