ads
ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবির আবাসিক হলে দ্রুত গতির ইন্টারনেট চাই 

মতামত বিভাগ
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঈষিকা হক ফাইজা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, যার ক্যাম্পাস প্রায় ১২০০ একর জুড়ে বিস্তৃত। এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে পড়ালেখা করে, যাদের আবাসন ব্যবস্থা হিসেবে রয়েছে মোট ১৪টি আবাসিক হল। তবে হলগুলোতে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়, যার মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হল ইন্টারনেট সংযোগের দুর্বলতা।

বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগে শিক্ষা কার্যক্রমের প্রায় সবকিছুই অনলাইনভিত্তিক হয়ে উঠেছে। ক্লাসের নোটিশ, পড়ার উপকরণ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মতো কার্যক্রমগুলো প্রায়শই অনলাইনে সম্পন্ন করতে হয়। কিন্তু হলে ধীরগতির ইন্টারনেটের কারণে এসব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে শিক্ষার্থীদের প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় ক্লাস বা প্র্যাকটিকালের জরুরি নোটিশ ঠিকমতো পাওয়া যায় না, যা শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ওয়াইফাই ব্যবস্থা থাকলেও এর গতি এতটাই ধীর যে অনেক সময় সাধারণ গুগল সার্চ করতেও সমস্যা হয়। এর সঙ্গে মোবাইল নেটওয়ার্কেরও পরিস্থিতি আশঙ্কাজনক। শিক্ষার্থীরা তাদের পরিবার বা প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে গেলে প্রায়ই কলড্রপ বা নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। ফলে শিক্ষার্থীদের মানসিক চাপ বেড়ে যায় এবং পরিবার থেকে বিচ্ছিন্ন বোধ করে। বিশেষ করে, জরুরি প্রয়োজনে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারা অনেকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

শিক্ষকরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা কাজ ইমেইল করতে বলেন। কিন্তু ইন্টারনেটের ধীর গতির কারণে শিক্ষার্থীরা অনেক সময় নির্ধারিত সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে ব্যর্থ হয়, যা তাদের একাডেমিক পারফরম্যান্সকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এমনকি অনেক সময় শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনাও সঠিকভাবে গ্রহণ করা সম্ভব হয় না।

শিক্ষার্থীদের এমন সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল কর্তৃপক্ষের অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিটি আবাসিক হলে ফ্লোরভিত্তিক আলাদা রাউটারের ব্যবস্থা করে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা দরকার। এছাড়াও, প্রযুক্তিবিদদের মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবস্থার রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে কোন ধরনের সমস্যা দেখা দিলে তা তৎক্ষণাৎ সমাধান করা যায়। এছাড়া, হলের নেটওয়ার্কের সমস্যা সমাধানে প্রয়োজন হলে মোবাইল টাওয়ার স্থাপনের উদ্যোগ গ্রহণ করাও বাঞ্ছনীয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে পারে যেখানে তারা নিরবচ্ছিন্ন এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়, তবে শিক্ষার্থীদের পড়ালেখা আরও ফলপ্রসূ হবে। শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত সমাধান করা অত্যাবশ্যক। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এ ব্যাপারে সুদৃষ্টি দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাই, যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে।

লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।