বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন বুটেক্স অধিভুক্ত ৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে আজ চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তারা একাডেমিক ও প্রশাসনিক নানা সংকটে ভুগছেন। শিক্ষক সংকট, পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব, কারিকুলাম সংক্রান্ত অস্পষ্টতা, প্রশাসনিক স্বচ্ছতার অভাবসহ নানা সমস্যায় তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে:
১. শিক্ষক সংকট নিরসনে দ্রুত নিয়োগবিধি সংস্কার
২. নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ
৩. গ্রেডশীটসহ ফলাফল প্রদান
৪. সেমিস্টারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ
৫. সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও বিকল্প ব্যবস্থা গ্রহণ
৬. শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ
৭. কারিকুলাম সংক্রান্ত তথ্যের সহজ প্রাপ্যতা
৮. ইয়ার ড্রপ সংক্রান্ত নীতিতে স্বচ্ছতা
শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা জানান, এসব সমস্যার কারণে একাডেমিক ক্যালেন্ডার যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের ভবিষ্যতও অনিশ্চয়তার মুখে পড়ছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্রতর হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা।
শিক্ষার্থীদের চলমান এই আন্দোলন ইতোমধ্যেই টেক্সটাইল শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি রাখে।


