বগুড়ায় রিকশাচালক আবদুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।
১১ সেপ্টেম্বর বুধবার রাতে বগুড়া সদর থানায় এ মামলা করা হয়। মামলার বাদী নিহত আবদুল মান্নানের ছেলে রানা হামিদ।
মামলায় ১২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০-৩০০ জনকে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও পাঁচটি মামলা হয়। এর মধ্যে চারটি হত্যা এবং অন্য একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার এক দফা আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবদুল মান্নান। তার বাড়ি সদর উপজেলার বানদিঘি এলাকায়। আসামিরা আবদুল মান্নানকে গুলি করে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন।
ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, আবদুল মান্নান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি আরও ২০০-৩০০ জন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


