বগুড়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে শহরের ফুলবাড়ি ইছাইদহ বারুনীমেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে৷ সকাল সাড়ে সাতটার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম বাবর আলী, পেশায় মুদি দোকানী বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। বর্তমানে তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন।
বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, 'সকালে আমি হাটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ মরদেহ মর্গে পাঠানো হয়েছে।'
নিহতের মেয়ে বিনা বলেন, 'আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে৷ রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে তাকে ১০/১৫জন তুলে নিয়ে যায়৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের উপর ফেলে তারা পালিয়ে গেছে।'
তিনি আরও বলেন, আমার বাবার সাথে পূর্ব শত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানিনা।
এ ব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com