“নিরাপদ ও স্বাস্থ্যকর বাতাস সবার মৌলিক অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক পদযাত্রা ও প্ল্যাকার্ড প্রদর্শনী। বায়ু দূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করে উইপ্ল্যানেট বাংলাদেশ ও তাদের সহযোগী সংগঠনসমূহ।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে এই পদযাত্রা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবেশকর্মী, তরুণ সমাজ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উইপ্ল্যানেট বাংলাদেশের প্রতিনিধি এবং উইপ্ল্যানেট এশিয়া রিজিয়নের প্রধান মো. আরিফ হোসেন বলেন, “বায়ু দূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। অভ্যাসগত পরিবর্তন ছাড়া কেবল সরকারি উদ্যোগে সমস্যার সমাধান সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “ঢাকাকে বাসযোগ্য রাখতে হলে বিজ্ঞানভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের পাশাপাশি ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আধুনিকায়ন প্রয়োজন।”
আয়োজক ও অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিরা বলেন, পরিচ্ছন্ন বাতাস শুধু স্বাস্থ্য নয়, কর্মক্ষমতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও অপরিহার্য। পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ এবং পরিবেশবিষয়ক নীতিমালার আধুনিকায়ন ও আইনের কার্যকর প্রয়োগের ওপর তারা জোর দেন।
আয়োজক সংগঠনসমূহ: উইপ্ল্যানেট বাংলাদেশ, শের-ই-বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি, লাইট টু লাইফ, সিক্ত বাংলাদেশ, ইউথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ও ফার্মিং ফিউচার বাংলাদেশ।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com