প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ডিভিশনাল কমিউনিটির আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর রাজশাহী সমিতিকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান। বাকৃবির বৃহত্তর রাজশাহী সমিতির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি রাজশাহী বিভাগের মানুষদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রাজশাহী অত্যন্ত হৃদ্য একটি অঞ্চল। আমাদের জাতীয়ভাবে রাজশাহী অঞ্চলের মানুষ অনেক অবদান রেখেছে। তোমরা তাদেরই উত্তরসূরী। এই বিশ্ববিদ্যালয়ে আমরা যেনো একটা সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি সেজন্য তোমাদের মাধ্যমে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই বিশ্ববিদ্যালয়কে একান্ত নিজের মনে করে এর ভাবমূর্তি যেনো সুন্দর থাকে সেজন্য এগিয়ে আসবে। পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে এবং নিজেকে দক্ষ করে তুলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মেহেদী উল্লাহ, বঙ্গবন্ধু হল প্রভোস্ট মাসুম হাওলাদার, বঙ্গমাতা হল প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া, দোলনচাপা হল প্রভোস্ট মাশকুরা রহমান সহ রাজশাহী বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
নজরুল বিশ্ববিদ্যালয় রাজশাহী ডিভিশনাল কমিউনিটির সভাপতি আতিয়া ইবনাত বলেন, আজকের দিনটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। “বৃহত্তর রাজশাহী সমিতি, ময়মনসিংহ” কে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আমরা চাই ময়মনসিংহ বিভাগে আমরা যারা রাজশাহী বিভাগ থেকে এসেছি সবাই মিলে একটা বন্ধন তৈরি করতে, একতার মাধ্যমে আমাদের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে। রাজশাহী ডিভিশনাল কমিউনিটি, নজরুল বিশ্ববিদ্যালয় এর সম্মানিত শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা এই অনুষ্ঠানটি সফল করার জন্য।
বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মীযানুর রহমান আল-মাহ্দী বলেন, রাজশাহী ডিভিশনাল কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের “ইফতার ও দোয়া মাহফিল” এ আমাদের (বৃহত্তর রাজশাহী সমিতি, ময়মনসিংহ) আমন্ত্রণ জানানোর জন্য আমরা অত্যন্ত সম্মানিত, আনন্দিত ও গর্বিত। আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা ও স্নেহ আমাদের মুগ্ধ করেছে। স্বল্প কিন্তু বিচক্ষণ সদস্যদের ব্যবস্থাপনা এবং কর্ম স্পৃহা আমাদের আগামীর জন্য অনুপ্রাণিত করেছে। সুস্থ,সুন্দর ও পবিত্রতায় আপনাদের আগামীর পথচলার জন্য নিরন্তর ভালোবাসা ও শুভকামনা।


