ads
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ডুয়েটে প্রশাসন-ছাত্রদল বৈঠক নিয়ে বিতর্ক, প্রশাসন ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য

জোবায়েদ হোসেন, ডুয়েট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডুয়েট উপাচার্যের সঙ্গে ডুয়েট ছাত্রদলের অনুষ্ঠিত বৈঠক ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বৈঠকে উত্তেজনা, উচ্চবাচ্য ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রশাসন ও ছাত্রদল ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে। বিষয়টি যাচাই করতে ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য সংগ্রহ করেছে।

আজ (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমের পোষ্টে দাবি করা হয় ছাত্রদলের ২০-২৫ জন সদস্য প্রশাসনের পদত্যাগ দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে।
পরবর্তীতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে ডুয়েট সাংবাদিক সমিতি।

ডুয়েট উপাচার্যের বরাতে জানা যায়, আজ বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাত্রদলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া, ডুয়েটে ছাত্র রাজনীতি ও আঞ্চলিক সংগঠন নিষিদ্ধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।
উপাচার্য বলেন, “তাঁদের প্রশ্নের ধরণ উদ্যত ছিল এবং কিছু শিক্ষককে ব্যাক্তিগত আঘাত করে কথা বলা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি এবং সব ধরনের তথ্য যাচাই করার জন্য প্রশাসনের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছি।”

এছাড়াও তিনি আরো বলেন “মিটিংয়ের এক পর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে সাদা কাগজ এগিয়ে পদত্যাগ করতে বললে আমি জানাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে রাষ্ট্র কর্তৃক আমার উপর দ্বায়িত্ব অর্পণ করা হয়েছে। যদি রাষ্ট্র আমাকে অযোগ্য মনে করে তবে আমি যেকোন সময়ে পদত্যাগ করতে রাজি আছি”

এছাড়া রেজিস্ট্রার আবু তৈয়ব বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোন রাজনৈতিক দলের আমাদের বসার কথা না থাকলেও সৌজন্যতার খাতিরে আমরা বসেছি। তবে তাঁদের আচরণ সীমালঙ্ঘনমূলক ছিল।

তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গে, “আমি শতভাগ নিশ্চিত যে আমি এমন কোনো কাজে জড়িত নই। কেউ প্রমাণ দিলে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো।”

ছাত্রকল্যাণ পরিচালক বলেন “ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি নানা অনিয়মের অভিযোগ আনা হয় যা ভিত্তিহীন ও অযৌক্তিক। এবং মিটিংয়ের সময়ে কেউ কেউ শিক্ষকদের সাথে অশালীন আচরণ করেন যা গ্রহনযোগ্য নয়।”

সহযোগী অধ্যাপক ডক্টর মনোয়ার অভিযোগ করেন “মিটিংয়ে এক পর্যায়ে আমাকে ব্যাক্তিগত আক্রমণ করে কথা বলে কোন এক ছাত্রদল কর্মী যা একেবারেই অগ্রহণযোগ্য। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং প্রতিটি অভিযোগে উত্তর দেয়া হবে”।

অন্যদিকে, ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল বলেন, “পূর্বনির্ধারিত বৈঠকে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি, অভিযোগ ও উদ্বেগ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ দেওয়া হয়েছে, কিন্তু উপাচার্যের কাছ থেকে প্রত্যাশিত সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি।

তিনি দাবি করেন, বৈঠকে কোনো শিক্ষককে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অশালীন আচরণ করা হয়নি এবং আলোচনাটি স্বাভাবিক ছিল।

লিখিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রশাসনের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও দুদক বরাবর প্রদান করা হবে। পাশাপাশি বিষয়টি গণমাধ্যমেও তুলে ধরা হবে।

তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে প্রশাসনের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট অবস্থান প্রত্যাশা করা হয়েছে।
উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাঁদের আমরা দেখতে চাই না। আমাদের কাছে প্রমাণ রয়েছে, সময় হলে জাতীয় মিডিয়ায় প্রকাশ করা হবে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।