সারাদেশে টেকসই সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখায় সম্মানজনক 'গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২৬' অর্জন করেছে পরিবেশবাদী সামাজিক সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি)।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সামাজিক সংগঠন 'সবুজ আন্দোলন'-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "বর্তমান বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়" শীর্ষক আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদারের সভাপতিত্বে মিশন গ্রিন বাংলাদেশের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের নির্বাহী প্রধান আহসান রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কামরুল আহসান। এ ছাড়া বিশেষজ্ঞ আলোচক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় আহসান রনি বলেন, "এই অর্জন মিশন গ্রিন বাংলাদেশের প্রতিটি সদস্য, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও একটি টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মাণে এ সম্মাননা আমাদের ভবিষ্যৎ কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।"
একই অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আরও দুটি প্রতিষ্ঠান এবং চারজন বিশিষ্ট নাগরিককে গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন:
জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) — মো: আবুল কালাম আজাদ, ম্যানেজার সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেড — আবু জুবায়ের, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. ফরহাদুর রেজা — অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল) — বার্তা প্রধান, গাজী টেলিভিশন ও সাবেক সভাপতি, মেরিন জার্নালিস্ট নেটওয়ার্ক, ফাহিম মোনায়েম — সিনিয়র রিপোর্টার, বৈশাখী টেলিভিশন, রতন কুমার দে — বান্দরবান জেলা প্রতিনিধি, নিউজ২৪
মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য সকল পদকপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি এ ধরনের অনুপ্রেরণামূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক সংগঠন সবুজ আন্দোলনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com