‘One Team, One Dream—Rise Together, Win Together’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আদিয়ান এগ্রো লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের তিন দিনব্যাপী বার্ষিক বিক্রয় সমাপনী অনুষ্ঠান ২০২৫-২৬। গত ১২ থেকে ১৪ অক্টোবর কক্সবাজারের হোটেল দ্য লং বিচে আয়োজিত এ অনুষ্ঠানে সারাদেশ থেকে প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন বিক্রয় প্রতিনিধি, টিম লিডার ও টেকনিক্যাল টিমের সদস্য অংশ নেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিগত অর্থবছরের বিক্রয় কার্যক্রম ও ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা, অর্জন ও সীমাবদ্ধতা মূল্যায়ন, নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কর্মীদের মধ্যে দলীয় চেতনা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
অনুষ্ঠানের প্রথম দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন খেলাধুলা ও দল গঠনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কার্যক্রম কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগতভাবে কাজ করার মানসিকতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

দ্বিতীয় দিনে ২০২৫-২৬ অর্থবছরের বিক্রয় কার্যক্রম, ব্যবসায়িক অর্জন ও সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। পাশাপাশি নতুন অর্থবছরের বাজেট ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। এ সময় বিগত অর্থবছরে উল্লেখযোগ্য অবদান রাখা সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. প্রতীক কান্তি রায় বলেন, প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পেশাদারত্ব, আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা আরও বেগবান করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের কমার্শিয়াল ডিরেক্টর শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বিতরণব্যবস্থার উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে আরও সুসংগঠিত ও কার্যকর বিতরণব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাংগঠনিক অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. মো. ইউসুফ আলীকে জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. জামিল হোসাইন সমাপনী বক্তব্য দেন। তিনি বিক্রয়, বাণিজ্যিক ও টেকনিক্যাল টিমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক আস্থা ও সহযোগিতাই একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্যের ভিত্তি। নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‘One Team, One Dream—Rise Together, Win Together’ স্লোগানের তাৎপর্য তুলে ধরে চেয়ারম্যান বলেন, দলের প্রতিটি সদস্যের অবদানকে মূল্যায়ন করা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম চাবিকাঠি।
উৎসাহ-উদ্দীপনা ও দলীয় চেতনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন অর্থবছরে আরও গতিশীল, সুসংগঠিত ও পরিকল্পিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্মীরা। চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com