বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রোববার (১৪ এপ্রিল) পরিণত হয় এক বর্ণিল উৎসবের মাঠে। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা রঙ-বেরঙের পোশাকে, আনন্দে উদ্বেল চিত্তে অংশ নেন এই আয়োজনে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সূচিতা শারমিন-এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন মুখোশ, আলপনার ব্যানার, লোকজ শিল্পকর্ম আর বৈশাখী প্রতীকসমূহ। ‘শুভ নববর্ষ’ লেখা ফেস্টুন আর প্রাণবন্ত শিল্পচিত্রে সেজে উঠেছিল পুরো শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে গান, কবিতা, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে ফুটে ওঠে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় বৈশাখী খাবার।
উপাচার্য অধ্যাপক ড. সূচিতা শারমিন বলেন, “বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের চেতনা ও সাংস্কৃতিক পরিচয়ের শক্তিশালী প্রতীক। বিশ্ববিদ্যালয় পরিবার এই দিনে একসাথে মিলিত হয়ে বাঙালির ঐতিহ্যকে উদযাপন করছে—এটি অত্যন্ত গর্বের।”
এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি করে প্রাণের আবহ। বরিশাল বিশ্ববিদ্যালয় যেন রঙ, আনন্দ ও ঐতিহ্যের মিলনমেলায় রূপ নেয় বাংলা নববর্ষ ১৪৩২-তে।


