ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে গভীর শোক জানিয়েছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক শাহ নেওয়াজ সুজন প্রেরিত এক শোকবার্তায় শোক জানায় সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পবিত্রতম স্থান। এমন একটি পবিত্র আঙিনায় শিক্ষকের রক্ত ঝরা এবং এক বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে।
তারা আরও বলেন, “হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তির আত্মহত্যার চেষ্টা প্রকৃত ঘটনা আড়াল করার কোনো অপকৌশল কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।”
তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানান, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করে তা জাতির সামনে তুলে ধরা এবং অভিযুক্ত ঘাতককে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণ।
উল্লেখ্য, বুধবার বিকালে নিজ অফিসকক্ষে বিভাগের সাবেক কর্মচারীর ছুরিকাঘাতে সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


