আন্দোলনরত রিকশাচালকরা রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন। তবে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশাচালকরা। পরে দুপুর ১২টার দিকে ওই আলটিমেটাম দিয়ে তারা শাহবাগ ছাড়েন।
রিকশাচালকরা বলেন, ভাড়া না পেলে আমাদের সংসার কীভাবে চলবে। আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না। কিন্তু এখন রাস্তায় অটোরিকশা চলার কারণে আমরা কোনো ভাড়া পাচ্ছি না। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।
ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. মমিন আলী বলেন, আমরা আমাদের সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছি। তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, সভাপতি জহুরুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, সহ সাধারণ সম্পাদক মো. ইয়াসিন।
তিনি বলেন, আমরা ৩১ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা রিকশার বৈধ মালিক। আমরা এক লাখ ৪৩ হাজার লাইসেন্সধারী বৈধ রিকশার মালিক। আমরা সরকারকে ট্যাক্স দেই।
তবে, দাবিদাওয়া নিয়ে এখনো কোনো আশ্বাস পাননি বলে জানান তিনি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com