বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন আজ। বিশিষ্ট এই ক্রিড়া সংগঠক ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। এ উপলক্ষ্যে এদিন বেলা ১১টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় আয়োজন করেছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্তকরণ করেছেন, তেমনি দেশের ক্রিড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।


